ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে বুধবার গভীর রাতে একটি স্লিপার ট্যুরিস্ট বাসে অগ্নিকাণ্ডে এক নারীসহ অন্তত ৯ জন পুড়ে মারা গেছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। বাসটিতে ৩৫ জন যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।
পুলিশ কর্মকর্তাদের মতে, প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি সিস্টেমে বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়; এর ফলে ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে আগুন ধরে যায় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
আগুনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তথ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বাসটি যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে নয়ডা থেকে উত্তরপ্রদেশের মহোবার দিকে যাচ্ছিল।
সেই সময় বাসটিতে আগুন লাগে। ঘটনার সময় অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন।
আগুন লাগার ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বেশ কয়েকজন যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বেরিয়ে প্রাণ বাঁচান।
এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়; আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।
খবর পেয়ে দমকল বাহিনী ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে।
এ ঘটনায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিস্থিতির খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন। পাশাপাশি, তিনি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেন এবং এই ঘটনায় নিহতদের পরিবারপিছু ২ লাখ টাকা ও আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেন।