টম ব্যান্টনের ব্যাটে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, সঙ্গে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ঝোড়ো ব্যাটিং। কেনিংটন ওভালে রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। ৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ২২৩ রানের এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতেই বেন ডাকেটকে হারালেও দ্রুত সামলে ওঠে স্বাগতিকেরা। জো রুটকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন ব্যান্টন। ৩৭ বলে ১৮ রান করে রুট ফিরলে ক্রিজে তাঁর সঙ্গী হন হ্যারি ব্রুক।
তৃতীয় উইকেটে ব্যান্টন ও ব্রুকের ১৫০ রানের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে শতক পূর্ণ করেন ব্যান্টন। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রান করে ফেরেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার ও ৫টি ছক্কা।
ব্যান্টনের বিদায়ের পরও ইংল্যান্ডের রানের গতি থামেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ এবং জর্ডান কক্স মাত্র ৫২ বলে ৭৬ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। শ্রীলঙ্কার হয়ে দিলহারা ফার্নান্দো নেন ৩ উইকেট।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পথ হারায় শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের শিকার হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
কুশল মেন্ডিস ২৬ বলে ৩৫ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও তার বিদায়ের পর আর দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটিং। ১৭তম ওভারে ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় তারা।
শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ১৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ইংল্যান্ডের হয়ে লিয়াম ডসন ২৬ রানে ৩ উইকেট এবং গাস অ্যাটকিনসন নেন ২ উইকেট। বড় জয়ের সঙ্গে সিরিজও নিজেদের করে নেয় ইংল্যান্ড।