চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৭ শতাংশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৭ শতাংশ। তবে আগামী অর্থবছরে (২০২৭) তা বেড়ে ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

সেপ্টেম্বর ২০২৬ এর এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতিতে ২০২৫ অর্থবছরের ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় ২০২৬ অর্থবছরে ৩ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। এ ছাড়া ২০২৭ অর্থবছরে তা ৪ দশমিক শূন্য শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে ধারণা প্রকাশ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় ২০২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা মন্থর হয়ে পড়েছিল। তবে এর প্রভাব সীমিত থাকবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ২০২৬ সালের শুরুর দিকে সাধারণ নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসায় ভোগ ও বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, যার প্রতিফলন হিসেবে প্রবৃদ্ধির এই ইতিবাচক পূর্বাভাস পাওয়া গেছে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, তবে এই পুনরুদ্ধার প্রক্রিয়া এখনও বাহ্যিক অভিঘাত ও অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, আর্থিক খাত, জ্বালানি নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশের ক্ষেত্রে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়। বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক প্রবৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য এই সংস্কারগুলো অপরিহার্য। এসব সংস্কারকে জনগণের জন্য দৃশ্যমান ফলাফলে রূপান্তর করতে বাংলাদেশকে সহায়তা প্রদানে এডিবি প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে সেপ্টেম্বর ২০২৬ এর এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ অর্থবছরের ১০ শতাংশ থেকে কমে ২০২৬ অর্থবছরে মূল্যস্ফীতি আনুমানিক ৮ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। তবে ২০২৭ অর্থবছরে তা বেড়ে ৯ শতাংশে পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। জ্বালানি সংকট, উৎপাদন ও পরিবহন ব্যয়ের আধিক্য, জাহাজ চলাচলে সম্ভাব্য বিঘ্ন, খাদ্যপণ্যের মূল্যের ওপর ‘এল নিনো’র বিলম্বিত প্রভাব এবং ধীরে ধীরে শিথিল হতে থাকা মুদ্রানীতির কারণে মূল্যস্ফীতি উচ্চপর্যায়ে থাকার আশঙ্কা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com