বিনোদন জগতের ঝলমলে আলো আর চেনা গ্ল্যামারের ছক ভেঙে নিজের প্রতিভাকে বারবার নতুন করে চিনিয়েছেন ইয়ামি গৌতম ধর। তিনি প্রমাণ করেছেন, দৃঢ় ইচ্ছা আর নিখাদ অভিনয় দক্ষতা থাকলে বলিউডের প্রতিযোগিতাপূর্ণ মঞ্চেও নিজের রাজত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ বলিউড অভিনেত্রী।
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেত্রীর হাতে সম্মাননা তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই সম্মান পাওয়ার পরও অনুভূতি পুরোপুরি বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে যোগ করেছেন, অভিনয়ের দীর্ঘ পথচলায় তার সামনে শেখার ও কাজ করার অনেক কিছু বাকি রয়েছে।
ইয়ামি বলেন, এই মুহূর্তটি পুরোপুরি অনুধাবনের চেষ্টা করছেন তিনি। যেকোনো শিল্পীর জন্যই এটি দারুন গর্ব ও সম্মানের বিষয়। যারা স্বপ্ন বুকে নিয়ে এই শহরে আসেন এবং আজীবন কাজ করে যান তাদের সবার কথাই উল্লেখ করেন তিনি। জীবন কার জন্য কী উপহার নিয়ে অপেক্ষা করছে, তা কারও জানা থাকে না বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। এই অর্জনকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা হিসেবেই দেখছেন তিনি।
ইয়ামি বিশ্বাস করেন, কঠোর পরিশ্রম ও ভালো কাজ চালিয়ে গেলে একদিন না একদিন এমন মুহূর্ত আসবেই।
আদিত্য সুহাস জাম্ভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আদিত্য ধর, মোনাল ঠাকর ও অর্জুন ধাওয়ান। ইয়ামি গৌতম ও প্রিয়ামণির পাশাপাশি এতে অভিনয় করেছেন স্কন্দ ঠাকুর, অশ্বিনী কৌল, বৈভব তাতওয়াদি, অরুণ গোভিল ও কিরণ কারমারকর।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাওয়া এই ছবির বাজেট ছিল ২০ কোটি রুপি, যা বক্স অফিসে ১১০ কোটি রুপি আয় করে।
ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি সেরা ফিচার ফিল্মের খেতাব জিতেছে। এ ছাড়া সিনেমাটির জন্য সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন শাশ্বত সচদেব।
সূত্র: এনডিটিভি