এদিন মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। ইনিংসের শুরুতেই দারুণ এক রিস্ট ফ্লিকে বল সীমানাছাড়া করে কাঙ্ক্ষিত ২৩ হাজারে পৌঁছে যান ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার বা তার বেশি রান করা ব্যাটার এখন মাত্র আটজন। রুটের আগে এই তালিকায় ছিলেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিস। রুটই প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন।
টেস্ট ক্রিকেটে অবশ্য রুটের রেকর্ড ভাঙার গল্প আরও আগেই শুরু হয়েছে। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড নিজের করে নিয়ে শচীনকে ছাড়িয়ে গেছেন তিনি। এবার তার সামনে আরও বড় একটি লক্ষ্য, টেস্টে শচীনের সর্বোচ্চ রানের রেকর্ড।
সাদা পোষাকে এখন রুটের সংগ্রহ ১৪,২৭৮ রান। শচীনের ১৫,৯২১ রানের রেকর্ড থেকে তিনি পিছিয়ে ১,৬৪৩ রানে। বয়স ৩৫ পেরোলেও ব্যাট হাতে রুটের ধার কমেনি। চলতি বছরের ডিসেম্বরে ৩৬-এ পা দেবেন তিনি।
শুধু রানের রেকর্ড নয়, টেস্ট ম্যাচ খেলার সংখ্যাতেও শচীনের কাছে পৌঁছানোর পথে রুট। ভারতের কিংবদন্তির ২০০ টেস্ট খেলার রেকর্ড ছুঁতে ইংলিশ ব্যাটারের দরকার আর ৩১টি ম্যাচ। ফলে রুটের সামনে এখন একসঙ্গে ছুটছে একাধিক বড় মাইলফলক।