ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছে ওয়াশিংটন।
রোববার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে দেয়া এক পোস্টে চার দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বেসেন্ট জানান, অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ চালুর পর ইরানের ওপর চাপ বাড়াতে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
তার দাবি, এসব উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
মার্কিন অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী, তুরস্ক ও ওমান ইরানি বিমান সংস্থা মাহান এয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট স্থগিত করেছে।
এ ছাড়া সংশ্লিষ্ট দেশগুলোর বড় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে বলেও জানান বেসেন্ট।
তিনি বলেন, যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি তিনি কৃতজ্ঞ। ইরান যাতে তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে আরও পদক্ষেপ নেয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।