ভারতের পাঞ্জাবের জলন্ধরে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া আন্দোলনে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।
বিক্ষোভের সময় এক শিক্ষার্থী ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর উঠে বসেন।
এ ছাড়া ক্যাম্পাসে প্রদর্শিত একটি সামরিক ট্যাংকের ওপর প্রায় ১০ জন শিক্ষার্থীকে দেখা যায়।
আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা গেছে। কয়েকটি ভিডিওতে জানালার কাচ, ফুলের টব ও ক্যাম্পাসের দোকান ভাঙচুরের দৃশ্য দেখা যায়।
একটি ভবনের কিছু অংশ ও বিভিন্ন জিনিসপত্রে আগুন জ্বলতেও দেখা গেছে।
পুলিশ জানায়, রোববার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, জি-৩ হোস্টেলে থাকা এক ছাত্রীকে গত ২৪ সেপ্টেম্বর এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেন। তাদের দাবি, ওই ঘটনায় একজন প্লাম্বার বা নির্মাণকর্মী জড়িত ছিলেন।
বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব বলে প্রত্যাখ্যান করেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং ওই ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে মামলা করা হয়েছে।
অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ সুপার (ফাগওয়ারা) মেজর সিংয়ের নেতৃত্বে দলটি তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের ডিআইজি।