তেল খালাসের সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল’। পাঁচ বছরের জন্য প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিতে ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব তহবিল থেকে এ অর্থ পরিশোধ করা হবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করবে। প্রস্তাব অনুযায়ী, ‘সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে ডাবল পাইপলাইন স্থাপন’ প্রকল্পের বাস্তবায়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন সিঙ্গেল পয়েন্ট মুরিং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে পুনঃদরপত্র আহ্বান করা হয়।
এতে তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। যাচাই-বাছাই শেষে দুটি প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা হিসেবে ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি পারতামিনা ট্রান্স কন্টিনেনটাল’–কে নির্বাচনের সুপারিশ করে।
প্রস্তাব অনুযায়ী, কর ও মূল্য সংযোজন কর ছাড়া প্রতিষ্ঠানটির দর ১২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার।
কর ও মূল্য সংযোজন করসহ বাংলাদেশি মুদ্রায় এর আনুমানিক মূল্য ১ হাজার ৯৪৬ কোটি ২২ লাখ ২৭ হাজার ২৭ টাকা। এই অর্থে পাঁচ বছরের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবে প্রতিষ্ঠানটি।
সিঙ্গেল পয়েন্ট মুরিং ব্যবস্থা সমুদ্রপথে আমদানি করা অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি তেল দ্রুত খালাস করে পাইপলাইনের মাধ্যমে তেল স্থলভাগে নেওয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামো।