আইসিসি থেকে সবাইকে সরে যেতে বললেন ট্রাম্প

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কড়া বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে আইসিসির সদস্য দেশগুলোকে অবিলম্বে আদালতটি থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

একই সঙ্গে আইসিসিকে ‘নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান’ এবং ‘দুষ্ট গোষ্ঠী’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। বার্তাসংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর সদস্যদের এমন একটি আদালতের বিচারের আওতায় আসতে দেবে না, যেটিকে তিনি যুক্তরাষ্ট্রবিরোধী এবং লোকদেখানো বিচারের আয়োজন করে বলে মনে করেন।

ট্রাম্প বলেন, ‘আইসিসির সদস্য সব দেশের প্রতি আমার আহ্বান, আপনারা অবিলম্বে আনুষ্ঠানিকভাবে এই নিয়ন্ত্রণহীন প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসুন। ’

এর আগে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, নিষেধাজ্ঞা আরেপ করা হলে আদালতটির সঙ্গে বেশিরভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই এসব নিষেধাজ্ঞার নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে ছয় থেকে সাত মাসের একটি সময়সীমা পার হওয়ার পর আন্তর্জাতিক এই আদালতের সঙ্গে বেশির ভাগ আর্থিক ও বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে।

পরিকল্পিত এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের শাস্তিমূলক পদক্ষেপে বড় ধরনের পরিবর্তন আনবে। এর আগে আদালতের নির্দিষ্ট কর্মকর্তা ও কর্মীদের লক্ষ্য করে ব্যবস্থা নেয়া হলেও এবার পুরো প্রতিষ্ঠানটির ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হবে।

প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন চলতি সপ্তাহেই অথবা এর পরপরই এসব নির্বাহী পদক্ষেপ চূড়ান্ত করতে পারে ওয়াশিংটন।

এরই মধ্যে আদালতটির প্রেসিডেন্ট তোমোকো আকানেসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জারি করা একটি নির্বাহী আদেশের আওতায় এসব নিষেধাজ্ঞা দেয়া হয়। ওই আদেশে আইসিসির বিচারকার্যকে কেন্দ্র করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ২০২৪ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাজায় সংঘটিত অপরাধের অভিযোগের তদন্তের পর এই পরোয়ানা জারি করা হয়। এরপর থেকেই আদালতটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক পদক্ষেপ চলছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com