দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ (ন্যাশনাল নিউজ এজেন্সি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি কার্যক্রম কেন্দ্রের বরাতে এ তথ্য জানিয়েছে সূত্র: আল জাজিরা
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের একাধিক শহর ও গ্রামে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়। হামলার পর উদ্ধারকারীরা আহত ও নিহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যান।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে বুর্জ আল-শামালি এলাকায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৬ জন, যাদের মধ্যে পাঁচ শিশু ও ছয় নারী রয়েছে।
কৌথারিয়াত আল-রুজ এলাকায় হামলায় পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে।
হাব্বুশ এলাকায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও ১০ জন, যাদের মধ্যে দুই শিশু ও তিন নারী রয়েছেন।
এদিকে মারাকাহ এলাকায় হামলায় ছয়জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিশু রয়েছে। সেলায় এলাকায় পৃথক হামলায় দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলার মাত্রা বেড়ে যাওয়ায় পুরো অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।