ঢাকা: বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও গভীর করতে শিক্ষাখাতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। রড কিংবা সিমেন্ট নয়, শিক্ষাই চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।
শনিবার (৯ মে) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত বাংলাদেশ-চীন শিক্ষা সহযোগিতা ফোরামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চীন যেভাবে বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করেছে, তা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য মডেল। তিনি জানান, সরকার এখন শুধু পরীক্ষার ফল বা জিপিএ-৫ নির্ভর শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দিচ্ছে।
তিনি আরও বলেন, চীনের সহযোগিতায় টেকনিক্যাল ও জেনারেল শিক্ষায় নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগও চলছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালু করতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষা খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিক মানের প্রযুক্তি সংযুক্ত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের দক্ষ ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।