শিরোনাম
প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি শীর্ষ নিউজ সম্পাদক একরামুলের নৌবাহিনীর প্রতিষ্ঠানের আড়ালে ‘স্বাস্থ্যমন্ত্রীর ভাই’ যেভাবে টেন্ডার ছাড়াই সমাজকল্যাণের ৩৪২ কোটি টাকার কাজ বাগিয়ে নিলেন ঢাকার দুই জায়গায় গদি-ঘাট- আড়তে পাপেল চক্রের চাঁদাবাজি, মাসে আদায় হয় ‘কোটি টাকার’ বেশি ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত আধুনিক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শুল্কমুক্ত মদ ‘অবৈধ গুদামে’, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা ডেনমার্ককে গোলবন্যায় ভাসাল পর্তুগাল নিষেধাজ্ঞার কবলে পুলিশের আকাশযান কেনার প্রকল্প মদিনায় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা ইরান ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন করছে ৩ রণতরী

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি শীর্ষ নিউজ সম্পাদক একরামুলের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

‘তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন একমাত্র শীর্ষ নিউজ পড়তেন’, এমন দাবি করে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজি। এই কাজ করছেন অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ নিউজ ডট কম’ ও ‘সাপ্তাহিক শীর্ষ কাগজ’-এর সিইও ও সম্পাদক একরামুল হক। তার চাঁদা আদায়ের একাধিক ভিডিও এশিয়া পোস্টের হাতে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, চাঁদা না দিলে শীর্ষ নিউজ ও শীর্ষ কাগজে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে একই ব্যক্তির কাছে বারবার টাকা দাবি করেন একরামুল হক। চাঁদা দেওয়া বন্ধ করলেই শুরু হয় বানোয়াট সংবাদ প্রকাশ।

এশিয়া পোস্টের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, নিজের বাসার সামনে দাঁড়িয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কাগজের প্যাকেটে করে টাকার বান্ডিল নিচ্ছেন একরামুল নিজেই।

পরে আবার ওই ব্যবসায়ীকে ফোন করে তিনি বলেন, ‘ভাই হিসেবে টাকা দিয়েছেন।’

একরামুল কীভাবে চাপে ফেলে চাঁদা নিলেন সে ঘটনার বিস্তারিত এশিয়া পোস্টকে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ী বলেন, ‘শীর্ষ নিউজের সুবাদে একরামুলের সচিবালয়ে প্রবেশের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে। এটি ব্যবহার করে সপ্তাহে অন্তত পাঁচ দিন সচিবালয়ে যান। সেখানে বিভিন্ন সচিব, অতিরিক্ত সচিব ও কর্মকর্তার রুমে ঘোরাফেরা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিজের সুসম্পর্ক রয়েছে; এমন দাবি করে ওইসব কর্মকর্তাকে তটস্থ করে রাখেন।’

ওই ব্যবসায়ী বলেন, ‘আমাকে একাধিকবার তিনি (একরামুল) ভয়ভীতি দেখিয়েছেন। তার শীর্ষ নিউজের ফান্ড দরকার, এ জন্য টাকা দাবি করেন। না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে একটি মিথ্যা নিউজ প্রকাশ করেন। কোনো প্রমাণ ছাড়াই সেই নিউজে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নানা অভিযোগ তোলা হয়। আমি সম্মানের ভয়ে একরামুলকে পাঁচ লাখ টাকা দেই। এরপর কিছুদিন আর ডিস্টার্ব করেননি। কিন্তু পরে আবার টাকা দাবি করতে থাকেন। আর টাকা দিতে পারব না জানালে আবারও আগের মতো মিথ্যা গল্প লিখে তার অনলাইন ও সাপ্তাহিকে প্রকাশ করেন।’

ভুক্তভোগী ব্যবসায়ী আরও বলেন, ‘একরামুল হক মিথ্যা গল্প লিখে প্রকাশের পর সেই পত্রিকা আবার নিজ দায়িত্বে বণ্টন করেন। সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তার রুমে, দুদকে, এনবিআরে, পরিকল্পনা মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় সেই পত্রিকার কপি পৌঁছে দেন। এভাবে হেনস্তার শিকার হতে হতে এখন আমি আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছি।’

একরামুলের বাড়ি ফেনীর দাগনভূঞায়। বর্তমানে তিনি রাজধানীর মগবাজারের আউটার সার্কুলার রোডের ‘হুমায়ূন অ্যাসেন্ট’ নামে একটি বাড়িতে বাস করেন। এশিয়া পোস্টের হাতে আসা ভিডিওতে দেখা যায়, রাতে নিজ গাড়ি নিয়ে একরামুলের বাসার সামনে যান ওই ব্যবসায়ী। গাড়ির ভেতর থেকে কাগজের প্যাকেটে টাকার বান্ডিল নিয়ে ওই বাড়ির গেটের সামনে গিয়ে একরামুলের হাতে তুলে দেন। একরামুল টাকার প্যাকেট নিয়ে হেঁটে বাড়ির ভেতরে চলে যান।

কেবল ব্যবসায়ী নন, সরকারের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তাকেও টার্গেট করে চাঁদাবাজির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে একরামুল হকের বিরুদ্ধে।

চাঁদাবাজির শিকার ব্যবসায়ীর দেওয়া সূত্রে দুজন সচিবের সঙ্গে কথা বলেছে এশিয়া পোস্ট। একরামুল নানা সময়ে তদবির নিয়ে তাদের রুমে হাজির হন বলে দুজনই নিশ্চিত করেছেন। দুই সচিবের কাছেও নিজেকে ‘প্রধানমন্ত্রীর পরিচিত’ হিসেবে পরিচয় দিয়েছেন একরামুল। কিন্তু ঝামেলা এড়াতে এ বিষয়ে স্বনামে কিছু বলতে রাজি হননি ওই দুই সচিব।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে একরামুলের কথোপকথনের একটি অডিও এসেছে এশিয়া পোস্টের হাতে। সেই অডিওতে একরামুলকে বলতে শোনা যায়, ‘মোখলেস তো মন্ত্রণালয়ে বসে না। কথা ক্লিয়ার করেন। বলেন যে, না হলে ভ্যাজাল লাগাই দিবে। কবে নাগাদ হইতে পারে, সম্ভাব্য টাইম এবং কত দিন লাগবে; এইটা কথা ক্লিয়ার করে ফেলেন। শোনেন, কাল রোডসের এক বড় ঠিকাদার আসছে। বলতেছে, আপনার তো বড় বড় যত পার্টি আছে সবার লগে খাতির। তারেক রহমান আমার পত্রিকাই একমাত্র পড়ত। শীর্ষ নিউজই একমাত্র পড়ত, এটা সবাই জানে। জহির উদ্দিন স্বপন, রিজভী সবাই জানে যে, উনি একমাত্র শীর্ষ নিউজ পড়তেন।’

আরেক অডিওতে একরামুলকে বলতে শোনা যায়, ‘দেখেন আরেকটা কাজ অন্তত করে দিবে কি না। ওটা উনি বলেছিলেন করে দেবে। ওটা না পারলে অন্য যে কোনো একটা ভালো জায়গায় বসিয়ে দিক। আর যদি সেটা না পারে, তাহলে কন সচিব করে দিতে।’

অন্য অডিওতে একরামুল বলেন, ‘জয়েন্ট সেক্রেটারি আমাকে ডেকে নিয়েছেন। বললেন যে, স্যার আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাকে থামাতে। এখন কথা হলো, ওনার অনেক আকাম-কুকাম আছে। আমি তো লিখতেছি না। তাইলে কি আমার কাজ করে দিবে না? ওইদিন কইল বন্ধ আছে, চালু হলেই দিব। এখন সব জায়গায় উনি খাচ্ছে। আমাদের তো এক-দুইটা কাজ শুরুতেই করে দেওয়ার কথা। কিন্তু এখনও একটা কাজও করে দেয়নি। আমি একরামুল হক। সব বড়দের সঙ্গে আমার খেলাধুলা হয়ে আসতেছে। বড় বড় পার্টি বহুত দেখে আসছি।’

সম্প্রতি সরকারের একটি দপ্তরের শীর্ষ কর্মকর্তাকে নিয়েও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগ ওঠে শীর্ষ নিউজের বিরুদ্ধে। ওই দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এশিয়া পোস্টকে বলেন, ‘শীর্ষ নিউজে ভুয়া সংবাদ ও ভিডিও প্রচারের পর বিষয়টি নিয়ে একরামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। কিন্তু শীর্ষ নিউজের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানান, সম্পাদক (একরামুল) থার্ড পার্টির মাধ্যমে এসব বিষয় ডিল করেন না। তিনি এসব বিষয়ে পার্টির (যার বিরুদ্ধে নিউজ ছাপা হয়) সঙ্গে সরাসরি বসেন। থার্ড পার্টিকে যুক্ত করা হলে তাকেও ভাগ দিতে হয়। তাই স্যার এসব বিষয় নিজেই ডিল করেন।’

এর আগে চাঁদাবাজির মামলায় জেল খেটেছেন একরামুল হক। ২০১১ সালে গিয়াসউদ্দিন তালুকদার নামের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই বছরের ২৮ জুলাই কলাবাগান থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। একই বছর মো. শহিদুল ইসলাম নামে আরেক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা করেন। ওই ব্যক্তির অভিযোগ, একরামুল তার কাছে ৫০ লাখ টাকা চাঁদাবাজি করেছিলেন। এই মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়। তবে একরামুলের দাবি, প্রকৃতপক্ষে ওই গ্রেপ্তার ছিল রাজনৈতিক হয়রানি।

এসব বিষয়ে জানতে একরামুল হকের সঙ্গে যোগাযোগ করে এশিয়া পোস্ট। তবে তিনি সাফ জানিয়ে দেন, ‘আমার কোনো মন্তব্য নেই। আপনাদের যা ইচ্ছা করেন।’

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com